ডেস্ক রিপোর্ট।
বিদেশে বাংলাদেশ বিরোধী অপপ্রচার মোকাবিলায় কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের ব্যবসায়িক স্বার্থে বিদেশে বাংলাদেশ বিরোধী অপপ্রচার মোকাবিলায় কাজ করতে রপ্তানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজিএমইএ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যরা দেখা করতে এলে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, 'কিছু মানুষ অনবরত সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালায়। তারা দেশের প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে ক্ষতি করতে চায়। কিন্তু, এতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ব্যবসায়ীরা।'
শেখ হাসিনা আরও বলেন, 'বাংলাদেশকে সবদিক দিয়েই গড়ে তুলতে চায় সরকার। এদেশের অর্থনীতি যদিও কৃষিপ্রধান, কিন্তু শিল্পায়ন ছাড়া কোনো দেশের উন্নতি ত্বরান্বিত হয় না। সেজন্য, কৃষি ও শিল্পকে একসঙ্গে গুরুত্ব দিচ্ছে সরকার।'

















