জাতীয় ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:৩২

সারাদেশে দিলেও নিজ সিটিতে ওষুধ দেয়নি গাসিক মেয়র

ডেস্ক রিপোর্ট।। 

নিজের টাকায় ওষুধ কিনে তা গাজীপুর ছাড়াও অন্য সিটি ও পৌরসভায় বিনামূল্যে সরবরাহ করছেন সিটি মেয়র জাহাঙ্গির আলম। দাবি, এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে আন্তর্জাতিক মানের ওষুধটির নাম বেনসাইড। অন্য জায়গায় ওষুধ পাঠালেও স্থানীয়দের দাবি, গাজীপুরেরই কিছু এলাকাতে মশার ওষুধ ছিটানোর কোন উদ্যোগ নেই কর্পোরেশনের।

এডিস মশা নিধন নিয়ে ঢাকার দুই সিটি মেয়র যখন নানা আলোচনা-সমালোচনায় তখন এমন ঘোষণা দেন গাজীপুরের মেয়র। সিটি কর্পোরেশন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের দাবি, এ পর্যন্ত প্রায় ৩২০ টন ওষুধ নিয়ে এসেছেন সম্পূর্ণ নিজ খরচে। বিতরণ করেছেন প্রায় ২১৯টি পৌরসভা ও ৯টি সিটিতে।

তবে, খোদ গাজীপুরের কয়েকটি ওয়ার্ডে এখনও ওষুধ ছিটানো হয়নি বলে দাবি এলাকাবাসীর। স্থানীয় এক বাসিন্দা জানান, 'শুধুমাত্র রাস্তা দিয়ে যদি মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়, তাহলে ভেতরে যে অলিগলি আছে, সেখানের বাসিন্দারা তো সুবিধা পাচ্ছেনা।'

২-৩ দিনের মধ্যে ওষুধ ছিটানোর আশ্বাস ২২নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেনের। তিনি বলেন, 'আমি আমার ২২ নং ওয়ার্ডের অর্ধেক এলাকায় স্প্রে করতে পেরেছি। মেয়র মহোদয়কে আমি জানিয়েছি, ২-৩ দিনের মধ্যে ওষুধ এসে যাবে। বাকিটা জলদি শেষ করতে পারবো।'

বেনসাইড নামের ওষুধের কার্যকারিতা সম্পর্কে কিছু জানেন না বলে জানান শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের পরিচালক ডা. আমীর হোসাইন। তিনি জানান, 'অন্য যে কোন দেশ থেকে আসুক না কেন, সেটা পরীক্ষা করে দেখা উচিত আগে। জনস্বাস্থ্যের জন্য হুমকি নেই ও স্বাস্থ্যসম্মত কিনা, পরিবেশের জন্য হুমকি নেই, যদি এমনটা হয় তবেই এটা ব্যবহার করা উচিত।'

চাহিদা অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহের আশ্বাস দিয়েছেন গাজীপুরের নগর পিতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তিনি বলেন, '৩২০ টনের মত ওষুধ নিয়ে আসছি। প্রায় সব জেলাতেই পাঠিয়েছি। আমার কাছে আগামী এক মাসের ওষুধের রিজার্ভ আছে। যে কোন পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা ও প্রতিষ্ঠান যদি ওষুধ চায়, যোগাযোগ করলে আমরা তাদের ওষুধ দিয়ে সহযোগিতা করবো।'