নিজস্ব প্রতিবেদক: ‘আমরা যে খাবারগুলো খাচ্ছি তার প্রায় সবই ভেজাল মেশানো। চাল, ডাল, মসলা, মাছ থেকে শুরু করে শাক-সবজিসহ প্রায় সব খাদ্যেই বিষ মেশানো হচ্ছে। সেই বিষ মেশানো খাবারগুলো আমরা নিজেরা খাচ্ছি, আমাদের পরিবারের ছোট-বড় সবাই খাচ্ছে।’এমনটা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিষাক্ত ওষুধ মেশানো ভেজাল খাদ্য দেশে ভরে গেছে। ভেজাল খাদ্যের কারণে মানুষের দেহে ক্যানসার, কিডনিসহ বড় বড় জটিল রোগগুলো এখন দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। আমাদের দেশে এখন সবকিছুতেই ভেজাল। হোটেলের খাবারে ভেজাল, দোকানের খাবারে ভেজাল, বাজারে ভেজাল খাবারসহ সর্বত্র ভেজাল খাবার। মানুষ যাবে কোথায়? খাবে কী? এভাবে তো চলতে দেওয়া যায় না।
জাহিদ মালেক আরও বলেন, আগামী এক মাসের মধ্যেই স্বাস্থ্য খাতের পক্ষ থেকে টিম গঠন করে মাঠে নেমে যেতে হবে এবং সুনির্দিষ্ট রিপোর্ট তৈরি করতে হবে। সেই রিপোর্ট নিয়ে দ্রুত এর সমাধান করব।
আমাদের কাগজ//জেডআই

















