জাতীয় ৭ নভেম্বর, ২০২২ ০২:০৬

আলপিন-আলামিন গ্রুপের ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুস সালাম ও শাহ আলী এলাকায় অভিযান চা‌লি‌য়ে আলপিন-আলামিন গ্রুপের লিডার আল-আমিনসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

রোববার রাজধানীর শাহ-আলী এবং দারুস সালা‌মের দিয়াবাড়ির মোড়ে পৃথক অভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেপ্তার ক‌রে র‌্যাব-৪।

গ্রেপ্তারকৃতরা হলেন- আরফিন ওর‌ফে আলপিন (৩১), মোহাম্মদ রাশেদ (৩০), তানভির হোসেন (২২), রাকিব (২০), শামীম হোসেন (২০), শরীফ হোসেন ওর‌ফে সজীব (২০), সজীব হোসেন সামি (১৮), রমজান আলী (২০), খাইরুল ইসলাম (১৮), আমিরে ফয়সাল (১৮), আল আমিন মৃধা (২২), শরিফুল মৃধা (২০), সজিব হোসেন (২১) ও জিসান মিয়া (২০)।

গ্রেপ্তারকৃতদের কাছ থে‌কে ৩টি চাকু, ২টি ছুরি, ২টি এসএস পাইপ, ১৫টি মোবাইল, ১৫টি সীম কার্ড ও নগদ ৩৫ হাজার টাকা জব্দ করা হ‌য়ে‌ছে।

র‌্যাব-৪ জা‌নি‌য়ে‌ছে, দীর্ঘদিন ধ‌রে আলপিন গ্রুপের লিডার আরেফিনের নেতৃত্বে ১০/১৫ জন এবং আল-আমিন গ্রুপের লিডার আল আমিনের নেতৃত্বে ৬/৭ জন সদস্য রাজধানীর শাহ আলী, দারুস সালাম ও মিরপুর থানা এলাকাসহ আশে পাশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে পথচারী ও যানবাহনে সাধারণ মানুষকে ছুরি ও চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার, দামী জিনিসপত্র ডাকাতি ও ছিনতাই করে আসছিলো। ক্ষেত্রবিশেষে ভূক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করতো।

গ্রেপ্তারকৃত‌দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে বলে জানিয়েছে র‍্যাব।

আমাদের কাগজ/ইদি