জাতীয় ২৫ ডিসেম্বর, ২০২২ ০৭:০০

৫ আসনে উপ-নির্বাচন: বুধবারে আ.লীগের মনোনয়ন বিক্রি  

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতাদের পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের ৫ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী দিচ্ছে আওয়ামী লীগ। এসব আসনে নৌকার মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আগামী বুধবার (২৮ ডিসেম্বর) থেকে শনিবারের (৩১ ডিসেম্বর) মধ্যে নির্ধারিত ফরম সংগ্রহ করতে বলা হয়েছে।

রবিবার, ২৫ ডিসেম্বর আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৮ ডিসেম্বর) থেকে শনিবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত প্রতি দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে।

সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং কোনও প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ৩১ ডিসেম্বর (শনিবার) বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে।

উল্লেখ্য, বিএনপির এমপিদের ছেড়ে দেওয়া পাঁচ আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোটগ্রহণ চলবে।

গত ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।

ইসি সচিব বলেন, ‘জাতীয় সংসদ সচিবালয় ১১ ডিসেম্বর জাতীয় সংসদের পাঁচটি আসন শূন্য করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে। নির্বাচন কমিশন এর পাঁচটি আসনে উপনির্বাচনের তফসিল সিদ্ধান্ত নিয়েছে। যেসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ-২, বগুড়া-৪, বগুড়া-৬, ঠাকুরগাঁও-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২।’

এর আগে গত ১১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা পদত্যাগ করেন। ওইদিনই পদত্যাগপত্র গ্রহণ করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে।

আমাদেরকাগজ/ এইচকে