জাতীয় ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:৫৭

মেট্রোরেলের পিলার থেকে পোস্টার না সরালে ব্যবস্থা: কাদের

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা মেট্রোরেলের পিলারে পোস্টার লাগিয়েছেন, তারা নিজ দায়িত্বে সেগুলো সরাবেন। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আয়োজিত জনসচেতনতামূলক রোড শো কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

এদিনে,মেট্রোরেলের পিলারে লাগানো পোস্টার নিজ দায়িত্বে না সরালে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান। এখন প্রায়োরিটি হলো অবকাঠামোগত উন্নয়ন ও বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা। আর এজন্য প্রয়োজন জনগণের সচেতনতা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সড়ক ও পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার। শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনগণকে সচেতন হতে হবে। শৃঙ্খলা না এলে উন্নয়ন খুব একটা কাজে আসবে না। জনগণের সচেতনতা ছাড়া কোনো উন্নয়ন পরিপূর্ণতা পায় না।

ঢাকার বায়ুদূষণ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বায়ুদূষণ রোধে দুই সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমকে আরও সক্রিয় হতে হবে। বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান অবশ্যই লজ্জার। এসব মানুষেরই সৃষ্টি। প্রতিরোধে যে ব্যবস্থা সংশ্লিষ্টদের সেগুলো খুবই বাজে।

আমাদের কাগজ/এমটি