আমাদের কাগজ রিপোর্ট: গাজীপুর সিটি কপোরেশন (গাসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী থাকলে নির্বাচন আরো জমত বলে ভোটাররা মনে করছেন। গাসিকে এবার তৃতীয় বারের মতো মেয়র ভোট হচ্ছে। গাজীপুর সিটি কপোরেশন হওয়ার পর প্রথমবার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে মেয়র হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত এম এ মান্নান। দ্বিতীয় নির্বাচনে মেয়র হন ক্ষমতাসীন দলের প্রার্থী জাহাঙ্গীর আলম। এবার তৃতীয়বারের মতো ভোট হচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৮ সালে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, স্থানীয় কোনো নির্বাচনে বিএনপি আর অংশ নেবে না।
এখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য ১০ দাবিতে সরকারবিরোধী আন্দোলন করছে দলটি। জাতীয় নির্বাচনের আগে সিটি কপোরেশনের এই ভোটে বিএনপি না থাকায় গাসিকে মূলত ভোটযুদ্ধ হবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা আজমত উল্লা ও গতবারের মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের মধ্যে।
ধানের শীষ প্রতীক নিয়ে এবার নির্বাচনে প্রার্থী না থাকায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে বেশির ভাগ ভোটারই বলছে, ধানের শীষ থাকলে নির্বাচন জমে উঠত।
৫৭ নম্বর ওয়ার্ডের দারুল আহসান মাদ্রাসা ভোটকেন্দ্রের ভোটার মোজাম্মেল হকের কাছে প্রশ্ন ছিল 'ধানের শীষ প্রতীক নির্বাচনে থাকলে কেমন অবস্থা হতো'। জবাবে তিনি বলেন, 'ভোটে ধানের শীষ প্রতীক থাকলে প্রার্থী বাড়ত। নির্বাচন আরো জমে উঠত।' ভোট দিয়ে আসা আরেক ভোটার জানান, 'ধানের শীষ না থাকায় নির্বাচনের আমেজ কিছুটা কমেছে।'
মুক্তিযোদ্ধা এক ভোটার বলেন, 'ধানের শীষ ভোটে না থাকার পরেও মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে।' কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি ভোটে না থাকায় নির্বাচনী আমেজে কিছুটা হলেও ছেদ পড়েছে।
আমাদের কাগজ/টিআর

















