জাতীয় ২৫ জুলাই, ২০২৩ ০৩:২৬

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিবের মৃত্যু

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৩০তম বিসিএসের মেধাবী এই কর্মকর্তা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত দুইদিন ধরে বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তিনি ইন্তেকাল করেন। 

এদিকে এস এম নাজিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

আজ এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী ও সিনিয়র সচিব মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

গতকাল সোমবার ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই ঢাকার বাসিন্দা। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৯৩ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৮ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫ জন।
 

আমাদেরকাগজ/এমটি