জাতীয় ৩ আগস্ট, ২০১৯ ০৭:৩৪

"ডেঙ্গু নির্মূলে আওয়ামী লীগের কর্মসূচি অব্যাহত থাকবে"

ডেস্ক রিপোর্ট ।। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যতদিন পর্যন্ত দেশ ডেঙ্গুমুক্ত ও এডিস মশা নির্মূল না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে। সেই পরিস্থিতি মোকাবিলা করা বিএনপিরও দায় আছে জানিয়ে তিনি বলেন, বিএনপি কোনো কাজে নেই। তারা সংকটে আছে, তাদের উদ্ধারের জন্য জরুরি অবস্থা দরকার।
 
আজ শনিবার রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে ডেঙ্গু মোকাবিলায় আওয়ামী লীগের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, সময়টি অত্যন্ত সংবেদনশীল। এই সময় অতিকথন দেশের জন্য খারাপ ফল বয়ে আনতে পারে। দেশের মানুষকে ডেঙ্গু আতঙ্ক থেকে রক্ষা করতে হবে। আমরা কথা বলব না, কাজ করব। আমি দায়িত্বশীল সবাইকে অতিকথন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একটি মহল আতঙ্ক ছড়াচ্ছে, যাতে ঈদের সময় কেউ বাড়ি-ঘরে না যায়। আপনারা সতর্ক থাকবেন। এটাই আমাদের অনুরোধ। সতর্ক থেকে ঈদ উদযাপন করবেন। বাড়ি-ঘরে সবাই যাবেন কিন্তু সতর্ক থাকবেন। ডেঙ্গুমুক্ত বাংলাদেশ যতদিন পর্যন্ত গড়তে না পারব ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত লড়াই চলবে। এটাই আমাদের আজকের অঙ্গীকার। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা চিকিৎসকদের নিয়ে একটি মনিটরিং সেল গঠন করছি। সারাদেশের ডেঙ্গু আক্রান্ত মানুষ যাতে চিকিৎসা পায়, যাতে যথাযথভাবে ডেঙ্গু শনাক্ত হয় সেজন্য এই সেল কাজ করবে বলেও তিনি জানান।