ডেস্ক রিপোর্ট।।
জাতীয় পার্টির (জাপা) ফান্ডে টাকা নেই। তাই চাঁদা তুলে পার্টির সদ্যপ্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চল্লিশায় গণভোজের আয়োজন করা হচ্ছে। আর এ জন্য পার্টির প্রত্যেক প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের এক লাখ টাকা করে চাঁদা দিতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
শনিবার দলের বনানীর কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের যৌথ সভায় এ চাঁদা নির্ধারণ করা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে এরশাদের প্রেস সেক্রেটারি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বলেন, পার্টির তহবিলে টাকা থাকতেও পারে, নাও পারে। তবে বৈঠকে পার্টির প্রত্যেক প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের এক লাখ টাকা চাঁদা নির্ধারণ করা হয়েছে। যে পারবে সে দেবে। আর যে পারবে না সে দেবে না।
তিনি আরো বলেন, বন্যার্তদের মাঝে ত্রাণ কার্যক্রমও পার্টির সদস্যদের চাঁদার টাকায় চলেছে। তবে এবারের চাঁদার টাকা শুধুমাত্র ঢাকা ও রংপুরের গণভোজ আয়োজনে ব্যয় হবে। কিন্তু পার্টির পক্ষে দেশের অন্যান্য জেলাগুলোর গণভোজের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
এর আগে শুক্রবার জাতীয় পার্টির বনানী কার্যলয়ে এক মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আগামী ৩১ আগস্ট দেশব্যাপী চল্লিশা পালন করা হবে। আর, প্রতিবছর ১৪ জুলাই তার মৃ**ত্যুবার্ষিকী পালন করবো।
জিএম কাদের আরো বলেন, নেতাকর্মীরা সবাই চায় অনুষ্ঠান থানা পর্যায়ে হোক। আমি দায়িত্ব নেওয়ার পর বড় বড় অনুষ্ঠান হয়েছে। সামনের দিনগুলোতে বড় অনুষ্ঠান করলে আর্থিক সহযোগিতা করা কিছুটা মুশকিল হবে। আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি সব জায়গায় যেন অনুষ্ঠান করা যায়।
জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুর ৪০ দিন পূর্তি উপলক্ষে দোয়া মাহফিল ও মোনাজাত এবং দুস্থ্যদের মাঝে খাদ্য বিতারণ ২৩ আগস্টের পরিবর্তে আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে।
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলের প্রসিডিয়াম সদস্যেদের সাথে এক সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি জানান, জাতীয় সংসদে বিরোধী দলের নেতা এবং রংপুর ৩ আসনে কাকে মনোনয়ন দেয়া হবে-তা দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হেবে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিনা মুল্য চিকিৎসা দেয়া এবং মিরপুর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ দেয়ার দাবি জানান জাপা মহাসচিব। চামড়া সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান মসিউর রহমান রাঙা ।




















