নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশ, এ দেশের মাটি ও মানুষকে ভালোবাসেন। তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ এ জন্য শেখ হাসিনাকে চার বার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। ১৯৮১ সালে তিনি যখন এলেন, বাংলাদেশ জেগে উঠলো। মানুষ বলে শেখের বেটি এসেছে। বাংলাদেশ আর পিছিয়ে থাকবেনা।’
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার উত্তরায় ৭৪টি গাছের চারা রোপনের মাধ্যমে ‘পরম্পরা কানন’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়িয়েছেন। যেখানে গিয়েছেন সেখানেই বঙ্গবন্ধু কন্যাকে জনগণ বুকে আঁকড়ে ধরেছে, তাঁকে এগিয়ে নিয়েছে, তাঁর সাথে থাকবেন বলে উৎসাহ দিয়েছে। বিশ্বের যে প্রান্তেই গিয়েছি সেখানে আমাকে মানুষ অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করে, তোমাদের নেতা শেখ হাসিনা এত দ্রুত কিভাবে দেশকে পাল্টে দিলেন? এর চাবিকাঠি কী? কীভাবে এত দ্রুত উন্নয়ন করলেন? আমি একটি কথাই বলেছি, তিনি বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের রক্ত তাঁর ধমনীতে প্রবাহিত।’
তিনি বলেন, ‘আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমি রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে রড সিমেন্ট রেখে দিব। আমি রাজনৈতিক দলের ছবি ব্যবহার করে এ সকল অবৈধ কাজ করবো, এগুলো প্রধানমন্ত্রী যেমন পছন্দ করেন না, জাতির জনক বঙ্গবন্ধুও পছন্দ করতেন না। তাই আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রতিজ্ঞা করি, বঙ্গবন্ধুর এই বাংলাদেশের রাজধানী ঢাকায় অবৈধভাবে কেউ কিছু করবো না। জনপ্রতিনিধিরা, আইন-শৃঙ্খলা বাহিনী সাথে থাকলে দখলদাররা কিছুই করতে পারবে না। কারণ রাষ্ট্রের চেয়ে শক্তিশালী আর কিছু হতে পারে না।’
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সংসদ সদস্য শবনম জাহান শিলা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ও ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান বক্তব্য রাখেন।




















