নিজস্ব প্রতিবেদক
ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ফুলগাজীতে ৩ জন ও পরশুরামে ৫ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকালে দুই উপজেলা চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন এই তথ্য জানান।
তবে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম মজুমদার বলেন, ছাত্রলীগের সাথে ছাত্রদলের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে শহীদ মিনার চত্বরে ছাত্রদলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ কুতুব উদ্দিন জানান, দুই সংগঠনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হয়নি। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






















