রাজনীতি ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৫৪

সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

ডেস্ক রিপোর্ট।। 

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করতে রাজধানীসহ সারা দেশে সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা থেকে সে বার্তাই দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা। তাই, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের কাছে আহ্বান জানান তারা।

খালেদা জিয়াকে মুক্ত করতে সর্বাত্মক ত্যাগ স্বীকারের আহ্বান ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায়। এই কর্মসূচি নেতাকর্মীদের রাজপথে নামার অনুপ্রেরণা হিসেবে কাজ করার পাশাপাশি ক্ষমতাসীনদের কাছে দুর্বার আন্দোলের বার্তাও দিয়েছে বলে জানান নেতারা।

বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, 'গতকালের মিছিলেই প্রমাণ হয় মুক্ত খালেদার চেয়ে বন্দি খালেদা জিয়া কত বেশি জনপ্রিয়। গতকালের মিছিল প্রমাণ করে সরকারের যদি অতিসত্ত্বর শুভ বুদ্ধির উদয় না হয়, আর দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি না দেয় তাহলে যে কোনো সময় জনগণের বিস্ফোরণ ঘটবে, এটা তার আগাম বার্তা।'

আর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেন, 'বড়  ধরনের যে আন্দোলন হয়, সেগুলো হঠাৎ করে হয় না। এর জন্য, একটু হোমওয়ার্ক করতে হয়। সে কাজগুলোই আমরা করছি এবং খুব শিগগিরই আমাদের নেত্রীর মুক্তির জন্য বড় ধরনের আন্দোলনে মাঠে নামবো।'

বিএনপির আন্দোলনের সামর্থ্য নিয়ে যারা কটাক্ষ করেন তাদের জন্য এই শোভাযাত্রা সমুচিত জবাব বলে মনে করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। তিনি বলেন, 'গতকাল তাৎক্ষণিক যে র‌্যালিটি হলো সেটা সরকারকে দেখতে বলব। আপনারা দেখুন এবং অনুভব করুন বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। আমরা আগামী দিনে নেত্রীর মুক্তির জন্য এবং গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলনে মাঠে নামব সেটাও কালকের র‌্যালির মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেছে।'

প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃফূর্ত অংশগ্রহণ ভয়ের বৃত্ত থেকে বেরিয়ে রাজপথে নামার সাহস যোগাবে বলে মত বিএনপি নেতাদের।

স্থায়ী কমিটির সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু জানান, অগোছালোভাবে আহ্বান করার পরও পিপড়ার মতো মানুষ বের হয়ে এসেছে। এটা কি প্রমাণ করে না বিএনপি এখনও মজবুত আছে। বিএনপি যদি ভয়কে জয় করতে পারে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে অবশ্যই খালেদা জিয়াকে মুক্ত করতে পারবে।