রাজনীতি ১৯ অক্টোবর, ২০২২ ০৮:৫৭

কোনো প্রতিবন্ধকতাই মানব না, হুঁশিয়ারি ফকরুলের

নিজস্ব প্রতিবেদক: কোনো প্রতিবন্ধকতাই আমাদেরকে রুখতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ কে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

আজ বুধবার(১৯ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের দুই শরিক জাতীয় দল ও ইসলামিক পার্টির সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আগামী ২২ অক্টোবর খুলনার সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশকে সামনে রেখে মালিক শ্রমিক সংগঠনগুলো ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, সমাবেশে এসবের (পরিবহন ধর্মঘট) এতোটুকুও প্রভাব পড়বে না। ময়মনসিংহে ট্রলার-নৌকাসহ বিভিন্নভাবে মানুষ এসেছে। রিকশায় করেও এসেছে, রিকশাওয়ালারা মানুষজন নিয়ে এসেছে- তারা ভাড়া পর্যন্ত নেয়নি। এটাই হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। খুলনাতেও তারা (ক্ষমতাসীনরা) যত গাড়ি বন্ধ করুক, যা কিছু করুক- গণতন্ত্রের দাবিতে সেখানে সমাবেশে জনগণ উপস্থিত হবে ইনশাল্লাহ। আমরা কোনো প্রতিবন্ধকতা, কোনো হরতাল, কোনো কারফিউ মানব না, আমরা সেখানে (সমাবেশ) উপস্থিত হবই।

সরকারি দলের শীর্ষ পর্যায় থেকে সভা-সমাবেশে বাধা না দেওয়ার ঘোষণার পরও প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ আজ পর্যন্ত তাদের কোনো কথাই রাখতে পারেনি। তারা যা বলে তা করে না, ঠিক উল্টাটা করে। সুতরাং আওয়ামী লীগকে বিশ্বাস করার কোনো কারণ নেই।

আমাদের কাগজ//জেডআই