ডেস্ক রিপোর্ট ।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় ছাত্রলীগের কারও বিন্দুমাত্র সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়। এছাড়াও ইতোমধ্যে ঘটনার তদন্তে ছাত্রলীগের পক্ষ থেকে ২ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিতে রয়েছেন - ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ এবং সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার।
এর আগে সোমবার (৭ অক্টোবর) সকালে বুয়েটের শেরেবাংলা হলের উত্তর ব্লকের ২য় তলার সিঁড়ি থেকে ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়।
বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাহাদকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঢামেকে বুয়েটের মেডিকেল অফিসার ডা. মাসুক এলাহী সাংবাদিকদের বলেন, অন্য ছাত্রদের মাধ্যমে খবর পেয়ে শেরেবাংলা হলের প্রথমতলা ও দ্বিতীয়তলার মাঝামাঝি জায়গায় ফাহাদের নিথর দেহ পড়ে থাকতে দেখি। তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখি। পরে বিষয়টি বুয়েট কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।






















