রাজনীতি ১৫ আগস্ট, ২০১৯ ০৫:২৩

বঙ্গবন্ধুর হত্যায় দণ্ডপ্রাপ্ত খুনিদের ফেরাতে জোরদার করা হয়েছে কূটনৈতিক প্রচেষ্টা

ডেস্ক রিপোর্ট।। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় দণ্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। 

তিনি আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশ গঠন করাই লক্ষ্য এখন।
তিনি বলেন, এই দিনে আমাদের শপথ বঙ্গবন্ধুর যে খুনিদের আজও বিচারের রায় কার্যকর হয়নি, যারা পালিয়ে আছে, তাদের বিদেশ থেকে ফিরিয়ে আনা এবং তার জন্য শেখ হাসিনার সরকার কূটনৈতিক প্রয়াস আরও জোরদার করেছে।

তিনি আরও বলেন, আমাদের ইতিহাসে সবচেয়ে ট্র্যাজেডির দিন ১৯৭৫ সালের এ দিন। আজকের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শাহাদৎ বরণ করেন।