সারাদেশ ২৪ অক্টোবর, ২০২০ ০৮:২০

রুপগঞ্জে লোহা কারখানার আরও দুই শ্রমিকের মুত্যু 

লোহা কারখানা

লোহা কারখানা

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে লোহা গলানোর পাত্র (ভাট্টি) বিস্ফোরণের ঘটনায় আরও দুই শ্রমিক মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 

এই ঘটনায় এখন পর্যন্ত চারজন শ্রমিক নিহত হন। দগ্ধ আরও দুই শ্রমিক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে মারা যাওয়া মো. শাকিল (২০) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আবদুস সোবহানের ছেলে ও আবু সিদ্দিক (৩০) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এলাকার টিপু শেখের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার ভোরে রুপগঞ্জ থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে মিজানুর রহমান (৪২) ও ফাহিম (২৫) নামে আরও দুইজন দগ্ধ শ্রমিক মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত আড়াইটায় উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিল কারখানায় শ্রমিকরা কাজ করার সময় লোহা গলানোর পাত্র (ভাট্টি) বিস্ফোরণ হয়ে ছয় শ্রমিক দগ্ধ হন। দগ্ধ শ্রমিকরা কারখানাটির ফার্নিশ বিভাগের অপারেটর ছিলেন। এ ঘটনায় আজ দুপুর একটা পর্যন্ত কোনও মামলা হয়নি বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। তিনি সাংবাদিকদের বলেন, স্বজনদের পক্ষ থেকে কেউ মামলা করেনি। তাই পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে।