সারাদেশ ১ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৩৯

কুড়িগ্রামকে বন্যামুক্ত করতে গ্রীন ভয়েসের মানব বন্ধন

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক।।

কুড়িগ্রাম জেলাকে বন্যার করাল গ্রাস থেকে স্থায়ীভাবে মুক্ত করার দাবিতে 'গ্রীন ভয়েস' নামক একটি সংগঠনের আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে পরিবেশবাদী ছাত্র- যুব সংগঠনটি এ কর্মসূচীর আয়োজন করে।

ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচী শেষে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা আলমগীর কবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় সমন্বয়ক কবিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তারেক রায়হান, হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আব্দুল মান্নান, ঢাকা রিসার্চ ট্রেনিং কলেজের তিতলী নাজনীন, সমন্বয় পরিবার কুড়িগ্রামের সমন্বয়ক মো: হাফিজুর রহমান ও গ্রীন ভয়েস কুড়িগ্রাম শাখার সমন্বয়ক সুজন মোহন্তসহ প্রমুখ।

গ্রীন ভয়েস আয়োজিত এ অনুষ্ঠানে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ সকল নদ-নদী দখল মুক্ত করে নিয়মিত খনন ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করে কুড়িগ্রামকে বন্যার করাল গ্রাস থেকে মুক্ত করার দাবী জানান বক্তারা।