ডেস্ক রিপোর্ট।।
ব্যাংকে চাকরি করতেন গহর জাহান। ছিল না নিজের কোন সংসার, স্বামী কিংবা সন্তান। সোমবার কর্মরত অবস্থায় হঠাৎ চেয়ারে ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তার। উত্তরায় প্রাইম ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন অনেকেই।
গহর জাহানের পরিবার সূত্রে জানা যায়, গহরের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এই অবস্থায়ই ব্যাংকে নিয়মিত কাজ করছিলেন তিনি। অবিবাহিত গহরের বড় ভাই মারুফ নেওয়াজের বাসায় থাকতেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটের পরিচালক।
এ বিষয়ে মারুফ নাওয়াজ বলেন, অনেকদিন আগে ভারতে গিয়ে ওপেন হার্ট সার্জারি করেছিলেন গহর। মারা যাওয়ার কয়েকদিন আগেও ভারতের সেই চিকিৎসক গহরকে ফের চেকআপের জন্য ভারত যেতে বলেন। ভারতে যাওয়ার গিয়ে চেকআপ করানোর মত সময় না পেলে যে কোনো ভালো জায়গায় হার্ট চেকআপ করতে বারবার অনুরোধও করেছিলেন তিনি। কিন্তু আর যাওয়া হয়নি।
বিয়ে না করারা বিষয়ে তিনি আরও বলেন, ওপেন হার্ট সার্জারি হয়েছে শুনলে বিয়ে ভেঙে যেত। তাই বিয়ে করবেন না বলে সিদ্ধান্ত নেন গহর। তবে তিনি ভাই নাওয়াজের সন্তাদের নিজের সন্তানের মতোই যত্ন নিতেন।
অপরদিকে, চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ফলে মারা যান গহর জাহান।





















