চাঁপাইনবাবগঞ্জে ৯৪৪ বোতল ফেন্সিডিল পাচারের অভিযোগে দায়েরকৃত মামলায় চারজনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিববার দুপুরে স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক লিয়াকত আলী মোল্লা আসামিদের উপস্থিতিতে এই দন্ডাদেশ ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলো, সদর উপজেলার চরমোহনপুর এলাাকার সাদেকুল ইসলামের ছেলে জিয়াউর রহমান (৩৮), একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ মান্নান (৫০), তেররশিয়া গ্রামের রসুল মোহম্মদের ছেলে আজাহার হক সিপার (৩৫) ও জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা চৈমন্ডলের গ্রামের মুনসুর আলীর ছেলে মোঃ রশিদ ৩৭)।
সরকারী আইনজীবী ফেরদৌস আলম ডলার জানান, ২০০৯ সালের ৮ অক্টোবর ভোররাতে সদর উপজেলার চরগ্রাম সাহেরের ঘাট এলাকায় র্যাব-৫ রাজশাহী’র অভিযানে ৯৪৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার হন দন্ডিতরা। এঘটনায় ওইদিনই সদর থানায় মামলা করেন র্যাবের তৎকালীন ডিএডি সাহাব উদ্দিন। মামলার তদন্ত কর্মকর্তা ও তৎকালীন র্যাব-৫ উপ-পরিদর্শক মোকসেদুল রহমান ২০১০ সালের ১২ জানুয়ারী আদালতে ৭ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। ৬ জনের সাক্ষ্য, প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত চার জনকে দোষী সাব্যস্ত করে সাজার আদেশ দেন। মামলার একজন আসামি মামলা চলাকালে মৃত্যুবরণ করেন ও দু’জনকে আদালত বেকসুর খালাস দেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার





















