কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ট্রেনে সন্তান প্রসব করেছেন তানিয়া আক্তার (২০)। শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কুমিল্লা রেলস্টেশন সংলগ্ন রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছে।
প্রসূতি তানিয়া আক্তার নরসিংদীর মাধবদী এলাকার এরশাদ মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি নোয়াখালী সদর উপজেলার সোনাপুর এলাকায়।
তানিয়ার স্বামী এরশাদ মিয়া জানান, আমি স্ত্রীকে নিয়ে কোস্টাল এক্সপ্রেস ট্রেনে নরসিংদী স্টেশন থেকে নোয়াখালী যাচ্ছিলাম। কুমিল্লা রেলস্টেশনের কাছে প্রসব বেধে যায় তানিয়া। পরে ট্রেনে নারী যাত্রীদের সহায়তায় তার প্রসবের ব্যবস্থা করা হয়। সকলের সহযোগিতায় তানিয়া চলন্ত ট্রেনে নিরাপদে পুত্র সন্তানের জন্ম দেন। পরে ট্রেনটি কুমিল্লা স্টেশনে থামলে ট্রেন কর্মকর্তারা দ্রুত মা ও নবজাতককে কুমিল্লা শহরের আল খিদমাহ বিশেষায়িত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
কুমিল্লার রেলওয়ে থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেন থামার সঙ্গে সঙ্গে ওই নারীকে অভিভাবকসহ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা শুনেছি নবজাতক ও তার মা ভালো আছেন।
আমাদেরকাগজ/এইচএম




















