সারাদেশ ৩০ এপ্রিল, ২০২৩ ০৫:৪৭

আজমত উল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে ইসি

নিজস্ব প্রতি‌বেদক: আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচ‌নে আওয়ামী লীগ ম‌নোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে কারণ দর্শানো নোটিশ দিচ্ছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে নির্বাচন কমিশনে সশরীরে এসে ব্যাখ্যা দিতে হবে তাঁকে।

আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

গাজীপুরে আওয়ামী লীগ প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে মো. আলমগীর বলেন, ইসির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আজমত উল্লা খানকে। তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হবে এবং কমিশনে এসে বিষয়টি ব্যাখ্যা করার জন্য বলা হবে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

ইসি আলমগীর আরও ব‌লেন, ‘যারা সরকারে থাকেন তাঁদের ক্ষেত্রে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ থাকে। তাঁদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি বেশি। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সরকারি দলের দায়িত্ব অনেক বেশি। আমরা  সিদ্ধান্ত নিয়েছি মন্ত্রিপরিষদ সচিবকে পত্র দেব। যেন যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী সংসদ সদস্য তাঁদের আচরণবিধি যেনে লঙ্ঘন না করেন।’ শিগগির এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে বলে জানান তিনি।

গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে আগামী ২৫ মে। এরপর ১২ জুন খুলনা ও বরিশাল সিটিতে এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটিতে ভোট হবে।

পাঁচ সিটি নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের আচরণবিধি প্রতিপালনের অনুরোধ জানিয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্পিকারকেও অনুরোধ জানাবে নির্বাচন কমিশন।

আমাদেরকাগজ/এই্চএম