সারাদেশ ১৫ মে, ২০২৩ ০৯:৪০

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, যুবক নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে দুষ্কৃতকারীদের গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবক (৩৬) নিহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

আজ সোমবার দুপুর ৩টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৭ তে এ ঘটনা ঘটে।

এ সময় দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১৭ -এর এইচ ৭৮ ব্লকের সোলেমানের ছেলে মামুন রশিদ (৩৫) ও আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রহমান (৩৬)।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুন অর রশীদ বলেন, ‘ক্যাম্প-১৭ তে দুপুরে একদল দুষ্কৃতকারী অবস্থানের খবরে এবিপিএন সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে এপিবিএনকে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা গুলি ছুঁড়ে। এপিবিএন সদস্যরা সরকারি সম্পদ রক্ষা ও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে এক রোহিঙ্গা যুবক নিহত হন। এ ঘটনায় দুষ্কৃতকারী দুই যুবককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে ১৪ এপিবিএন সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরও দুষ্কৃতকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।


আমাদেরকাগজ/এইচএম