সারাদেশ ১৮ মে, ২০২৩ ০৭:২৯

দুদকের কাছে ১ মাস সময় চাইলেন জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে এক মাস সময় চাইলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আলী আকবরের কাছে চিঠি দিয়ে সময় আবেদন করেন জাহাঙ্গীর।

ভুয়া ব্যাংক হিসাবে অবৈধ টাকা লেনদেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে দুদকে তিনি এ সময় চেয়েছেন। 

চিঠিতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা সম্ভব নয় উল্লেখ করে এ বিষয়ে যথাযথ প্রস্তুতির জন্য সময়ের প্রার্থনা করেছেন জাহাঙ্গীর আলম। তবে এ চিঠির বিষয়ে কমিশনের অনুমোদনের পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

এর আগে গত মঙ্গলবার দুটি আলাদা নোটিস পাঠিয়ে ২১ ও ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দুদক প্রধান কার্যালয়ে তলব করে কমিশনের দুটি অনুসন্ধান টিম। দুই টিমের অপর দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান ও মো. আলিয়াজ হোসেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ১৫ মে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে বহিস্কার করে আওয়ামী লীগ। একদিন পর তাকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ পাঠায় দুদক।

এ বিষয়ে এক প্রশ্নে গতকাল বুধবার দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেছিলেন, ‘অভিযোগ সংশ্লিষ্ট জড়িতসহ অন্যান্যদের বক্তব্য নেওয়া হয়েছে। বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এখন শেষ সময়ে তার (জাহাঙ্গীর) বক্তব্যে দেওয়ার সুযোগ দেওয়ার প্রয়োজন, এজন্য তাকে ডাকা হয়েছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই। নির্বাচনের সঙ্গে দুদকের কার্যক্রমের কোনো সংশ্লিষ্টতা নেই।’


আমাদেরকাগজ/এইচএম