সারাদেশ ৬ জুলাই, ২০২৩ ০১:০৭

বার্মিজ মার্কেটে আগুন, দেড় শতাধিক দোকান পুড়ে ছাই 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। এতে প্রায় দেড় শতাধিক দোকানপাট পুড়ে গেছে বলে জানা গিয়েছে। আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেকনাফ স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (৫ জুলাই) রাত দেড়টার দিকে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বার্মিজ মার্কেটে এ ঘটনা ঘটে। 

এতে প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীদের।

ঘটনা সূত্রে মার্কেট রক্ষী মোহাম্মদ কাইয়ুম জানান, বুধবার রাত দেড়টার দিকে মার্কেটে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, পুলিশ ও বিজিবি, উপজেলা প্রশাসনের সদস্যসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

টেকনাফ স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, টেকনাফ পৌরসভার বার্মিজ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে আমরা ছুটে যাই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করা গেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, বুধবার রাতে মার্কেটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় ফায়ার সার্ভিস ও পুলিশ, বিজিবি ও স্থানীয় লোকজনসহ মিলে আগুন নিয়ন্ত্রণ ও দোকানে আটকে পড়া লোকজনদের উদ্ধার তৎপরতা চালানো হয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় প্রায় দেড় শতাধিক দোকান পুড়ে গেছে। এ সময় প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আমাদেরকাগজ/এমটি