নওগাঁ প্রতিনিধি: দেশের জনগণই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র শক্তির মূল উৎস বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, দেশের গণতন্ত্রকে আরও মজবুত করতে সংবিধানের বিধি অনুসারে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (১২ জুলাই) বিকেলে নওগাঁর সাপাহার মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাপাহার উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সবার সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তার মানে এই নয় যে বিদেশিরা নির্বাচনে হস্তক্ষেপ করবে। দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনো বিধান নেই। তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে।
স্মার্ট বাংলাদেশ গড়তে হলে যুবসমাজকে একত্রিত হতে হবে উল্লেখ করে তিনি বলেন, কৃষক-শ্রমিক সবাইকে উন্নয়নের পথে এক হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যাংশনে ভয় পান না। জনগণের প্রতি শেখ হাসিনার আস্থা আছে, শেখ হাসিনার প্রতিও জনগণের আস্থা রয়েছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার বিকল্প নেই। দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। সবাইকে জনগণের কাছে যেতে হবে।
এ সময় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে প্রচারের আহ্বান জানান খাদ্যমন্ত্রী।
আমাদেরকাগজ/এইচএম





















