ডেস্ক রিপোর্ট।।
রংপুর-৩ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় প্রার্থীর তিনজনই রংপুরের ভোটার নন। নির্বাচনি এলাকার ভোটার না হওয়ায় তারা ভোটও দিতে পারবেন না।
এই তিন প্রার্থী হলেন, জাতীয় পার্টির রাহগির আল মাহি সাদ এরশাদ, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ এবং ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম। বাকি তিন প্রার্থী বিএনপির রিটা রহমান, স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার ওরফে আসিফ শাহরিয়ার এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল রংপুরের স্থানীয় ভোটার।
রিটা রহমান রংপুর সরকারি কলেজ ভোটকেন্দ্রের ভোটার। আসিফ শাহরিয়ার শেনপাড়া উচ্চ বিদ্যালয়ের ভোটার। ইতোমধ্যে আসিফ শাহরিয়ার ভোট দিয়েছেন। রিটা রহমান জানান, তিনি দুপুরের দিকে রংপুর সরকারি কলেজে ভোট দিতে যাবেন।
জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ ঢাকার গুলশানের ভোটার। একই নির্বাচনি এলাকার ভোটার গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহও। আর ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম রংপুরের মিঠাপুকুর উপজেলার ভোটার।
প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে উপনির্বাচনে লড়ছেন ছয়জন প্রার্থী। আজ সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।




















