সারাদেশ ১৩ অক্টোবর, ২০১৯ ০৯:৫৭

সাভারের ট্যানারিতে বিষক্রিয়ায় দুইজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট ।।

সাভারে পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে এক শ্রমিকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক চামড়া শিল্প নগরীর আর এ এন ট্যানারিতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই ট্যানারির একটি পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে মারা যান অজ্ঞাত এক ব্যক্তি। এ সময় ওই কারখানার শ্রমিক বাপ্পি তাকে উদ্ধার করতে গেলে নিজেও বিষক্রিয়ায় মারা যান। পরে কারখানার অন্য শ্রমিকরা দুইজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।