ডেস্ক রিপোর্ট।।
প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ভোলার লালমোহনের চর পেয়ারী মোহন ও চর উমেদ এলাকায় ৩০টি ঘর বিধ্বস্ত হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন।
ভোলা-চরফ্যাশন সড়কে ৭টি গাছ উপড়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে, গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে বন বিভাগ।
বর্তমানে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অতিক্রম করছে ঘূর্ণিঝড় বুলবুল। এসব এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বইছে ঝড়ো হাওয়া। জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে এসব এলাকার নিম্নাঞ্চল।
এদিকে, সকাল ৮টার দিকে পটুয়াখালীর কুয়াকাটায় আঘাত হেনেছে বুলবুল। দমকা হাওয়ার সঙ্গে চলছে ভারী বর্ষণ। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বাড়ায়, শহরে পানি ঢুকে পড়েছে। ঝড়ের কারণে এখনও মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং আশপাশের নয় জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি রয়েছে। আর, চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত ও কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। এছাড়া, দুর্ঘটনা এড়াতে এখনও বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার নৌচলাচল।





















