সারাদেশ ৯ অক্টোবর, ২০২০ ০১:২৬

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর কবিরহাটে নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিজা খাতুন (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম নলুয়া বুদ্ধিনগর গ্রামে এ ঘটনা ঘটে। মনিজা খাতুন ওই গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, মনিজা টিনশেড ঘরে বসবাস করতেন। কোনো এক সময়ে ঘরের একটি কক্ষের বাল্বের হোল্ডার খুলে পুড়ে যায়। এতে ওই হোল্ডারের কানেকশানের বৈদ্যুতিক তারগুলো গিয়ে টিনশেড বেড়ার ওপর পড়লে ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। আজ শুক্রবার বিকেলের দিকে ওই গৃহবধূ ঘরের মধ্যে কাজ করতে গিয়ে ঘরের বেড়ার টিনে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর আলম ভূঁইয়া পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।