আন্তর্জাতিক ডেস্ক ।।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বললেন, ভারতের সঙ্গে সংঘাত শুরু হলে তার দেশ প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। রয়টার্স জানায়, সোমবার পূর্বাঞ্চলীয় শহর লাহোরের গভর্নরের বাসভবনে শিখদের এক জমায়েতে তিনি এ কথা বলেন।
ইমরান বলেন, “আমরা উভয়ই পরমাণু-অস্ত্রধারী দেশ। আমাদের মধ্যে উত্তেজনা বাড়লে বিশ্ব বিপদে পড়বে।” সঙ্গে যোগ করেন, ‘‘পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করবে না। সংঘাতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না।’’
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল টুইটারে বলেন, প্রসঙ্গের বাইরে গিয়ে মন্তব্যটি করেছেন ইমরান। এটি পাকিস্তানের পারমাণবিক নীতির পরিবর্তনের প্রতিনিধিত্ব করে না।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় তার প্রতিশ্রুতি ও পরমাণু অস্ত্রধারী দুই দেশের দায়িত্বশীল আচরণ প্রয়োজনীয়তা পুনরাবৃত্তি করেছেন মাত্র। বিবৃতিতে এটাও উল্লেখ করা হয়।
৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়ার পর প্রতিবেশী দুই দেশের টানটান উত্তেজনা চলছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফোরামেও গেছেন ইমরান।
সোমবার তিনি আরও বলেন, ‘‘আমি ভারতকে বলতে চাই যুদ্ধ কোনো সমাধান নয়। যুদ্ধে বিজয়ীও শেষ পর্যন্ত হেরে যায়। যুদ্ধ থেকে অনেক সমস্যা জন্ম নেয়।’’
এর আগে শনিবার পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ বলেন, ‘‘পাকিস্তানের হাতে ১২৫-২৫০ গ্রাম ওজনের পরমাণু অস্ত্র আছে। তা দিয়ে একটি নির্দিষ্ট এলাকা ধ্বংস করা যায়।”
এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়- কয়েক সপ্তাহ আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, সরকার কঠোরভাবে পরমাণু অস্ত্র প্রথমে ব্যবহার না করার নীতিতে রয়েছে, তবে ভবিষ্যতে কী হবে, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।



















