আন্তর্জাতিক ১১ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:৩৫

জর্ডান উপত্যকা দখল করবে ইজরাইল: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক।।

ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্ডান উপত্যকা দখলের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি এ ঘোষণা দেন। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হলে তার সরকার এ পদক্ষেপ বাস্তবায়ন করবে। এছাড়া পশ্চিম তীরের সব এলাকায় ইহুদি বসতি স্থাপন নিশ্চিত করা হবে। তবে এর আগে এ বিষয়ে ইসরায়েলের নির্ভরযোগ্য মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ নেওয়া হবে।

আগামী ১৭ সেপ্টেম্বর ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর ঠিক সাত দিন আগে মার্কিন সমর্থন নিয়ে জর্ডান উপত্যকা দখলের অঙ্গীকার করেন নেতানিয়াহু।

উল্লেখ্য, ফিলিস্তিনের পশ্চিম তীরের ৩০ ভাগ এলাকা নিয়ে উত্তর মৃত সাগর (ডেড সি) ও জর্ডান উপত্যকা গঠিত।