আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি। তবে ভারতের ন্যাশনাল জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালে। তারা জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে নেপালে (ভারতের উত্তরাখণ্ড সীমান্তের কাছে) ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠের দক্ষিণ-পূর্ব ২১২ কিলোমিটার, উত্তরপ্রদেশের লখনউয়ের উত্তরে ২৭১ কিলোমিটার, উত্তরপ্রদেশের অযোধ্যার উত্তর ও উত্তর-পশ্চিমে ২৯৩ কিলোমিটার, উত্তরাখণ্ডের হৃষিকেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ২৯৭ কিলোমিটার এবং উত্তরাখণ্ডের হরিদ্বারের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ৩০৭ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল অবস্থান করছে।
ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত বুধবার রাতে যে স্থানে ভূমিকম্প হয়েছিল সেই জায়গার কাছেই আজ ভূমিকম্পের উৎস ছিল। আজও উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: হিন্দুস্তান টাইমস।
আমাদেরকাগজ/এইচএম




















