আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সম্ভাব্য অভিশংসনের হুমকির সম্মুখীন হতে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে উত্থাপিত ‘ফার্মগেট’ কেলেঙ্কারির কারণে তিনি অভিশংসনের মুখোমুখি হবেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে প্রায় ৪০ লাখ মার্কিন ডলার চুরির বিষয় ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি ফার্মগেট কেলেঙ্কারি নামে পরিচিত। এ ছাড়া অপহরণ ও ঘুষের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। গতকাল বুধবার একটি স্বাধীন সংসদীয় প্যানেলের ফাঁস হওয়া প্রতিবেদন থেকে জানা গেছে, রামাফোসা তাঁর পদের অপব্যবহার করেছেন এবং দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘন করেছেন।
অভিযোগ অস্বীকার করে রামাফোসা জানিয়েছেন, যেসব অর্থ তার ফার্ম থেকে চুরি হয়েছে তা তিনি মহিষ বিক্রি করে জমা করেছিলেন। তিনি তার নির্বাচনী শপথ ভঙ্গ করেননি। কোনো অন্যায় করেননি।
রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) বৃহস্পতিবার তার কার্যনির্বাহী দলের সাথে একটি বৈঠক করবে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। ২০২৪ সালে তিনি দলের সাথে নির্বাচন করতে পারবেন কি না সে বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।
২০২০ সালে রামাফোসার খামার থেকে ৪ মিলিয়ন ডলার চুরি হয়। এসব অর্থ ফার্নিচারের ভেতরে লুকানো ছিল। পরে অভিযুক্তদের আটক করে অর্থ উদ্ধার করা হয়। তবে এত বড় অঙ্কের অর্থ কেন ফার্নিচারের ভেতরে লুকানো ছিল, সেই অর্থের বিষয়ে রামাফোসা ঘোষণা দিয়েছিলেন কী না তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, চোরদের অর্থ দিয়ে এ বিষয়টি ধামাচাপা দেওয়ারও অভিযোগ উঠেছে প্রেসিডেন্টের বিরুদ্ধে।
আমাদের কাগজ//টিএ



















