আন্তর্জাতিক ৪ ডিসেম্বর, ২০২২ ০২:২৬

ইরানে বিক্ষোভে নিহত ২০০,জানালো ইরান

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘গত সেপ্টেম্বরে শত্রুর মদদে ইরানে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সহিংসতা ও নৈরাজ্য শুরু করার পর থেকে এ পর্যন্ত ২০০ মানুষ প্রাণ হারিয়েছে।’

শনিবার (৩ ডিসেম্বর) ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে সাম্প্রতিক সহিংসতায় নিহত মানুষের এই পরিসংখ্যান তুলে ধরে। এতে বলা হয়, ‘মুষ্টিমেয় কিছু দাঙ্গাবাজ দেশে নৈরাজ্য, সহিংসতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে এবং তাদের অপতৎপরতার কারণে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানে অনুপ্রবেশ করে নিরপরাধ মানুষের রক্ত ঝরানোর সুযোগ পাচ্ছে।’

 বিবৃতিতে আরো বলা হয়েছে, নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য, যারা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত, ‘বিদেশি মদদদাতা সংগঠন’ এর সদস্যরা রয়েছে। গত দুই মাসেরও বেশি সময় ধরে চলা নৈরাজ্যে দেশের সরকারি ও বেসরকারি স্থাপনাগুলোর কয়েক ট্রিলিয়ন রিয়ালের ক্ষতি হয়েছে।’ 

ইরানের ইসলামী রেভুল্যশনারি গার্ড-এর শীর্ষ জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, সম্প্রতি দাঙ্গায় ৩০০ জন ‘শহীদ ও নিহত’ হয়েছে। এর পরপরই ইরানের কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করলো। তবে বিদেশি মানবাধিকারভিত্তিক সংগঠনের হিসাবে নিহতের সংখ্যা চারশর বেশি।

ইরানে জনসম্মুখে নারীদের বাধ্যতামূলক হিজাব পরাসহ কঠোর পর্দা পালনের নিয়ম রয়েছে। এই বিধিগুলো তদারক করার জন্য রয়েছে দেশটির ‘নৈতিকতাবিষয়ক’ পুলিশ। এই পুলিশের একটি দল, গত ১৩ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাহসা আমিনিকে তেহরান থেকে আটক করে। আমিনি তার পরিবারের সঙ্গে তেহরানে ঘুরতে গিয়েছিলেন। আটকের পর মাহসা আমিনি থানায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাহসা আমিনির। এ ঘটনার প্রতিবাদে ব্যাপক আন্দোলন শুরু হয়। আন্দোলন-বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরানের ডজনখানেকের বেশি শহরে।

 


আমাদের কাগজ//টিএ