আন্তর্জাতিক ডেস্ক।।
গ্রেপ্তার–পূর্ববর্তী জামিন আবেদনের শুনানির জন্য উত্তর প্রদেশের শাহজাহানপুরের আদালতে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারা ধর্ষনের শিকার আইনের ছাত্রী। এ সময় উত্তর প্রদেশের পুলিশের একটি বিশাল দল তাঁকে নাটকীয়ভাবে গাড়ি থামিয়ে টেনেহিঁচড়ে নামিয়ে জোর করে তাদের গাড়িতে বসতে বাধ্য করে।
ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা উত্তর প্রদেশে এক ছাত্রীকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার–পূর্ববর্তী জামিন আবেদনের শুনানির এক দিন আগে আজ বুধবার তাঁকে গ্রেপ্তার করা হলো।
মেয়েটির পরিবার অভিযোগ করেছে, পুলিশ আজ সকালে মেয়েটিকে প্রায় জোর করে টেনেহিঁচড়ে গাড়ি থেকে বের করে নিয়ে যায়। জুতা পরার সময়টুকুও তাঁকে দেওয়া হয়নি।
স্বামী চিন্ময়ানন্দ প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি কয়েকটি আশ্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। গত মাসের শেষ দিকে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন ২৩ বছরের ওই আইনপড়ুয়া শিক্ষার্থী। তিনি অভিযোগ করেন, ‘পুলিশ ধর্ষণের অভিযোগ গ্রহণ করতে চায়নি।’
ধর্ষণের দায়ে অভিযুক্ত স্বামী চিন্ময়ানন্দ বর্তমানে জেলে নেই। দুই দিন জেল খেটেই অসুস্থতার নাম করে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।



















