আন্তর্জাতিক ১৩ অক্টোবর, ২০১৯ ০৩:৪১

টাইফুনের আঘাতে জাপানে নিহত ২১

ডেস্ক রিপোর্ট।। 

জাপানে আঘাত হেনেছে টাইফুন হাগিবিস। বলা হচ্ছে দেশটির বিগত ৬০ বছরের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাত। গতকাল ১২ অক্টোবর, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে রাজধানী টোকিওর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইজু দ্বীপে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভূমিধস আঘাত হানে। এতে একটি কার্গো জাহাজের ১২ জন ক্রুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও দেশটির অন্যান্য স্থানে আরো ৯ জনের প্রাণহানির সংবাদ পাওয়া গেছে।

টাইফুনের প্রভাবে জাপানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঝড়ের প্রভাবে স্থবির হয়ে পড়েছে দেশটির রাজধানী টোকিও। এমন খবর প্রকাশ করেছে জাপান টাইমস ও এনএইচক।

স্থানীয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, টোকিও উপসাগরে পানামার একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে ১২ ক্রু ডুবে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে তিনজন মিয়ানমারের, সাতজন চীনের এবং দু'জন ভিয়েতনামের নাগরিক।

এদিকে আজ ১৩ অক্টোবর, রবিবার সকালে অপর একটি জাহাজের চার ক্রুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং কয়েক লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া শক্তিশালী টাইফুনের প্রভাবে এখন পর্যন্ত জাপানের বিভিন্ন স্থানে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, চিবা, গানমা, ফুকুসিমা, টোচিগি এবং কানাগাওয়া এলাকায় কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১৫ জন নিখোঁজ রয়েছে। অপরদিকে, বিভিন্ন দুর্ঘটনায় আরো ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন এখন জাপানের মূল ভূখণ্ডের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এই ঝড়ের প্রভাবে ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। 

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচক’র এক প্রতিবেদনে জানানো হয়, শক্তিশালী টাইফুনের প্রভাবে দুই লাখ ৭০ হাজারের বেশি বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।