আন্তর্জাতিক ২২ অক্টোবর, ২০১৯ ০২:৫২

ইরানের তেল শোধনাগারের আগুন কি সৌদির কাজ?

আন্তর্জাতিক ডেস্ক।।

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে দেশটির সবচেয়ে পুরনো ও বৃহত্তম তেল শোধনাগারের আগুন লেগেছে। এই ঘটনাকে অনেকেই সম্প্রতি সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে দেখছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্টমনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বেরে আরামকোয় হামলার প্রতিশোধ হিসেবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। ইরানের সরকারবিরোধী সূত্র জানিয়েছে, আবাদানে ‘সাইবার হামলার’ মাধ্যম আগুন লাগানো হয়েছে। তবে এসব দাবি অস্বীকার করেছে তেহরান।

 ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, আবাদানে তেল শোধন প্রক্রিয়া শেষে বর্জ্য নিষ্কাশন চ্যানেলে প্রথমে আগুনের সূত্রপাত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তেল উৎপাদন প্রক্রিয়াতেও প্রতিবন্ধকতা তৈরি হয়নি। পরে এটি নিয়ন্ত্রণে আনা হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র প্রতিবেদনে বলা হয়, ‘শোধনাগারের দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনে এবং অন্যান্য ইউনিটগুলোতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।’