আন্তর্জাতিক ডেস্ক।।
মোদি মানেই চমক! মোদি মানেই ম্যাজিক! মোদি মানেই ভারতবাসীর কাছে বিশেষ কিছু। ভারতের রাজনীতি মানেই ‘মোদি ম্যাজিক’।
আর সেই ম্যাজিক নিয়ে রোববার (২৭ অক্টোবর) ঝটিকা সফরে অবরুদ্ধ কাশ্মীরে হাজির হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারার ৩৫ ক অনুচ্ছেদ মুছে ফেলার পর প্রথমবারের মতো বিরোধপূর্ণ এই অঞ্চলে হাজির হন ভারতীয় সরকার প্রধান।
পুলওয়ামায় হামলার পর থেকেই উপত্যকায় পাকিস্তানিদের সঙ্গে প্রতিনিয়ত সংঘর্ষে লিপ্ত হচ্ছে ভারতীয় বাহিনী। গত কয়েকমাসে কমপক্ষে ৬০ জন ভারতীয় সেনা সীমান্তে বন্দুকযুদ্ধে মারা গেছে বলে এমনটাই দাবি করেছে পাক আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর।
এছাড়াও অবরুদ্ধ কাশ্মীর নিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তান আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতকে কোণঠাসা করতে ব্যস্ত। কখনো তারা সফল, কখনো ব্যর্থ। এমন পরিস্থিতিতে কাশ্মীরে নিয়োজিত ভারতীয় সেনাদের পাশে উপস্থিত হয়ে মোদি আবারো ঘোষণা দিলেন-কোনো ছাড় নয়।
রাজৌরীতে উপস্থিত হওয়ার তথ্য নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে নিশ্চিত করে মোদি বলেন, জুম্মু কাশ্মীরের রাজৌরী জেলায় আমাদের বাহাদুর সেনাদের সঙ্গে দিওয়ালি উদযাপন করেছি।
মোদি টুইটারে বলেন, বাহাদুর এসব সেনাদের সঙ্গে মিথস্ক্রিয়ার সুযোগ পাওয়া সব সময় আনন্দের।
সেনাদের সঙ্গে আলাপকালে, আকাশচুম্বী সেবার জন্য ভারতের জনগণের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের সতর্ক পাহারা ও বীরত্ব দেশকে নিরাপদ রেখেছে।



















