ডেস্ক রিপোর্ট।।
মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যকার সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ী পরিবর্তনের আভাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ওয়ায়েজি। তিনি বলেছেন, সৌদি আরবের মতো আঞ্চলিক দেশগুলো এখন এ কথা উপলব্ধি করেছে যে, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক সহযোগিতার কোন বিকল্প নেই।
তেহরান থেকে প্রকাশিত দৈনিক এতেমাদ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান-রিয়াদ সম্পর্ক নিয়ে কথা বলেন মাহমুদ ওয়ায়েজি। তিনি বলেন, অতীতে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। কিন্তু মার্কিন সরকারের উসকানিমূলক আচরণের ফলে এ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, এখন সৌদি আরবসহ অন্যান্য আরব দেশ যুক্তরাষ্ট্রের বিভেদ সৃষ্টির নীতির স্বরূপ উপলব্ধি করতে পেরেছে। আঞ্চলিক দেশগুলো এ কথা বুঝতে পেরেছে যে, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাইলে মতপার্থক্য ও সংঘাত পরিহার করতে হবে। ইরান বহুদিন ধরে তাদেরকে এ কথাই বুঝিয়ে এসেছে।
মাহমুদ ওয়ায়েজি বলেন, সৌদি আরবসহ আরও কিছু দেশ মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছে। এর মধ্য দিয়ে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের উসকানিমূলক নীতি ব্যর্থ হবে।



















