আন্তর্জাতিক ডেস্ক।।
রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কেনার চুক্তির বিষয়ে মিসরকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী আর ক্লার্ক কুপার কর্মকর্তা বলেছেন, এই চুক্তি নিয়ে অগ্রসর হলে যুক্তরাষ্ট্র কায়রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এবং ভবিষ্যতে সামরিক সরঞ্জাম বিক্রিও বন্ধ করে দিতে পারে। দুবাই এয়ার শোতে অংশ নিয়ে সোমবার এসব কথা বলেছেন তিনি।
যুক্তরাষ্ট্র ও মিসর দীর্ঘ দিনের মিত্র। বহু বছর ধরে কায়রোকে শত শত কোটি ডলারের আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। এছাড়াও মিসরীয় বাহিনীর হাতে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। তা সত্ত্বেও চলতি বছরের শুরুতে রাশিয়ার কাছ থেকে ২০টিরও বেশি এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য দুইশো কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করে মিসর। এনিয়ে আপত্তি জানিয়ে আসছে ওয়াশিংটন।
সোমবার দুবাইতে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী আর ক্লার্ক কুপার সাংবাদিকদের বলেন, ‘এটা তাদের নিষেধাজ্ঞার ঝুঁকিতে ফেলবে আর তাদের ভবিষ্যতে কোনও কিছু কেনা বাতিল হওয়ারও ঝুঁকিতে ফেলবে। এটা নতুন কিছু না’। তিনি বলেন, ‘কায়রো পরিষ্কারভাবে এসব জানে। এটা নতুন কোনও খবর না’।



















