আন্তর্জাতিক ডেস্ক ।।
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) সকালে গ্রিসের ক্রিট দ্বীপে আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প।
এ বিষয়ে গ্রিস সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্রিট ও কিথেরা দ্বীপের মধ্যবর্তী স্থান। এথেন্স ও এর আশেপাশের ১৬৫ মাইল দূরেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
তবে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছে প্রশাসন।



















