আন্তর্জাতিক ৬ অক্টোবর, ২০২০ ০৯:৫০

তুরস্ককে ছাড়া শান্তি প্রক্রিয়া সম্ভব নয় : এরদোগান

ইন্টারন্যাশনাল ডেস্ক 

নাগার্নো-কারাবাখ নিয়ে যেকোনো শান্তি প্রক্রিয়ায় তুরস্ককে যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ভয়াবহ সংঘর্ষের মধ্যেই তিনি এ কথা বললেন।

সোমবার তুরস্কের গণমাধ্যম টিআরটিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট।

এ সময় তিনি বলেন, শান্তি প্রক্রিয়া অবশ্যই শুরু করতে হবে। চিরদিনের জন্য যুদ্ধ চলতে পারে না। সেক্ষেত্রে শান্তি আলোচনা যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো কিন্তু সে আলোচনায় তুরস্ককে রাখতেই হবে। 

তুরস্ক হচ্ছে আঞ্চলিক একটি বড় উদীয়মান শক্তি এবং দক্ষিণ ককেশাস অঞ্চলের দেশ।আঙ্কারার অবস্থান অন্যদের প্রতি সতর্কবার্তা বলেও মন্তব্য করেন আলিয়েভ।

আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, তার দেশের সেনারা কারাবাখের বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এ অবস্থায় যুদ্ধবিরতি শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন আন্তর্জাতিক অঙ্গন থেকে বাকুকে এই নিশ্চয়তা দেয়া হবে যে, নাগার্নো-কারাবাখ অঞ্চল থেকে ইয়েরেভান সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করে নেবে।

ইলহাম আলিয়েভ বলেন, আমরা অন্য কোনো দেশের ভূমির প্রতি নজর দিইনি কিন্তু আমাদের ভূখণ্ড আমাদের হাতেই থাকতে হবে।