বিনোদন ডেস্ক
পুত্রসন্তানের মা হয়েছেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ খ্যাত নায়িকা শার্লিন ফারজানা। শার্লিন নিজেই মা হওয়ার খবর নিশ্চিত করেছেন।
গত ১ নভেম্বর রাত ১০টা ৪৭ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। নবজাতকের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। শার্লিনের ছেলের নাম রাখা হয়েছে ইয়াসিন এহসান। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছেন।
প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে মুক্তি পেয়েছে শার্লিন ফারজানা অভিনীত ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি। ছবিটি পরিচালনায় ছিলেন মাসুদ হাসান উজ্জল। অসাধারণ অভিনয়ের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।
এর আগে গত ১০ অক্টোবর তিনি তার বিয়ের খবর জানান। সেই সময় শার্লিন বলেছিলেন, বেশ আয়োজন করে সবাইকে জানানোর ইচ্ছে ছিলো। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি। করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলে বিয়ের আয়োজন করার ইচ্ছে আছে আমাদের।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ নভেম্বর একটি আইটি কোম্পানির মালিক এহসানুল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শার্লিন। শার্লিন ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়ায় আলোচনায় আসেন। এরপর নাটক ও বিজ্ঞাপনে কাজের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেন।






















