বিনোদন ডেস্ক
শিশুশিল্পী দীঘি এখন ঢাকাই সিনেমার নায়িকা। ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তার। জানা যায়, ছবিটি গতকাল সেন্সরে জমা দেয়া হয়েছে। সেন্সর থেকে ছাড়পত্র পাওয়ার পর ছবিটি বিজয় দিবস উপলক্ষে চলতি বছরের ১১ ডিসেম্বর মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।
ছবিটিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন শান্ত খান। তিনিও নবাগত নায়ক। এর আগে শান্ত অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সেলিম খান। আর সিনেমার চিত্রনাট্য পরিচালন করেছে শামীম আহমেদ রনি।
সেলিম খান গণমাধ্যমকে জানান, ‘ছবিটি সেন্সরে জমা দিয়েছি। আশা করি আগামী সপ্তাহের মাঝামাঝির মধ্যেই সেন্সর ছাড়পত্র পাবো। এরপর ১৬ ডিসেম্বর উপলক্ষে ১১ ডিসেম্বর সারা দেশে মুক্তি দেবো।’
এই ছবিতে শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব ওরফে ‘রেনু’র ভূমিকায় অভিনয় করছেন দীঘি।
সিনেমাটি নিয়ে দীঘি জানান, ‘অনেক আগে থেকেই রেনুর জন্য প্রস্তুতি নিয়েছি। শ্যাম বেনেগালের ছবিতে রেনু চরিত্রের জন্য নিবার্চিত হই, সেই থেকে প্রস্তুতি শুরু। ফলে সমস্যা হয়নি। পড়াশোনা করেই নিজেকে তৈরি করছি। ছবিটি ডিসেম্বরে মুক্তি পাবে বলছে প্রযোজনা প্রতিষ্ঠান। এই ছবির মাধ্যমেই নায়িকা হিসেবে দর্শকদের সামনে হাজির হচ্ছি আমি।’
‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটির গল্প গড়ে উঠেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। তাই বিজয় দিবসের মাসেই ছবিটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।






















