বিনোদন ডেস্ক
ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক রোশান। এরইমধ্যে বেশ কিছু সিনেমায় কাজ করে জয় করে নিয়েছেন তিনি দর্শক মন। তিনি এখন প্রযোজক, পরিচালকদের ভরসার অভিনেতা। এছাড়া তিনি কাজ করেছেন প্রথম সারির নায়িকাদের সঙ্গেও। কিন্তু এবার চমক হল, রোশান হাজির হচ্ছেন নতুন জুটি নিয়ে। তার বিপরীতে কাজ করতে দেখা যাবে মডেল, অভিনেত্রী রাহা তানহা খানকে।
ফেরারী ফরহাদের চিত্রনাট্যে নির্মিত হতে যাওয়া ‘কর্পোরেট’ নামের ওয়েব ফিল্মে তার দুজন জুটি বাঁধছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় চিত্রনাট্যকার ও গীতিকার ফেরারী ফরহাদ।
জানা যায়, এরমধ্য দিয়ে চলচ্চিত্রের নায়ক রোশান প্রথম ওয়েব ফিল্মে নাম লেখাতে যাচ্ছেন। এখানে রোশানের বিপরীতে আরো দেখা যাবে চিত্রনায়িকা আঁচল আঁখিকে। এছাড়া থাকবেন নন্দিত অভিনেতা শহিদুজ্জামান সেলিমসহ আরো অনেকেই। এটি নির্মাণ করবেন ফরিদুল হাসান। ওয়েব ফিল্মটির কাহিনিও তারই।
এর আগে ওয়েব সিরিজ ‘মাফিয়া’, শর্টফিল্ম ‘হেলেন অব ট্রয়’ এ কাজ করলেও রাহা তানহাও রোশানের মতোই প্রথমবার ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন।
বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটির শুটিং শিগগিরই শুরু হবে। জানানো হয়েছে, বছরে বিশেষ কোনো উপলক্ষে মুক্তি দেয়া হবে এই ওয়েব ফিল্মটি।






















