বিনোদন ৬ ডিসেম্বর, ২০২০ ১২:৪৪

মালদ্বীপ নয় সিলেটেই শেষ হচ্ছে ‘নবাব এলএলবি’

বিনোদন ডেস্ক

নানা আলোচনা পেড়িয়ে অবশেষে সিলেটেই শেষ হতে যাচ্ছে ‘নবাব এলএলবি’ সিনেমার শুটিং। আগামী মাসে সিলেটের একটি রিসোর্টে গানটির দৃশ্যধারণ হবে বলে জানা যায়।

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে নায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াকে নিয়ে ‘নবাব এলএলবি’ সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক অনন্য মামুন। প্রথম থেকেই এ সিনেমাটি রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরইমধ্যে ছবির সব শুটিং প্রায় শেষ। শুধু বাকি ছিলো সিনেমার দুটি গান। একটি রোমান্টিক ও একটি আইটেম গান। সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান আইটেম গানটির শুটিং শেষ করেছেন বিএফডিসি তে। বাকি ছিল রোমান্টিক গানের দৃশ্য ধারন। সেই গানের শুটিং হওয়ার কথা ছিলো মালদ্বীপে। কিন্তু নানা কারণে সেদেশে গানের শুটিং করতে পারেননি পরিচালক।

আর তা নিয়ে একাধিক গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে শাকিব খানকে।

এবার জানা গেল, আপাতত সিনেমাটি থেকে একটি গান কমানো হয়েছে। পান্থ কানাইয়ের গাওয়া গানটি এই ছবিতে থাকছে না। অন্য একটি গানের শুটিংয়ের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ ও ১০ ডিসেম্বর, সিলেটের একটি রিসোর্টে। জানা গেছে, গানের শুটিংয়ের জন্য শাকিব খান দুদিনের শিডিউল দিয়েছেন অনন্য মামুনকে।

এদিকে গান প্রসঙ্গে গণমাধ্যমকে কিছু জানাতে নারাজ অনন্য মামুন। তিনি গণমাধ্যমে বলেন, ‘গানের শুটিং শেষ করে তারপর এসব নিয়ে কথা বলবো।’

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাবে।