বিনোদন ডেস্ক
বর্তমান সময়ের আলোচিত নাটক কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি নিয়ে আলোচনার শেষ নেই। বর্তমানে দর্শকদের আগ্রহের তুঙ্গে রয়েছে নাটকটি। নাটকের বেশ কয়েকটি চরিত্রকে এখনও স্বশীরের সামনে নিয়ে আসেননি পরিচালক। সেই অদেখা চরিত্রগুলো দেখার অপেক্ষায় আছেন দর্শকরা।
সেই অদেখা চরিত্রগুলো খুব শীঘ্রই সামনের পর্বগুলোতে দেখা যাবে বলে আগেই জানিয়েছিলেন পরিচালক অমি। এবার অবশেষে সামনে চলে এসেছে নাটকের বহুল আলোচিত চরিত্র বজরা বাজারের জাকির।
আজ রোববার ধ্রুব টিভির অফিসিয়াল ফেসবুক পেজে বজরা বাজারের জাকিরের ছবি আপলোড করা হয়েছে। ছবিতে দেখা যায় রঙিন শার্ট, চোখে সানগ্লাস পড়ে মোবাইলের দিকে দৃষ্টি দিয়ে রেখেছেন জাকির।
এদিকে নাটকের সবচেয়ে আলোচিত চরিত্র রোকেয়াকে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। দর্শকদের সারপ্রাইজ দিতে রোকেয়া চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করছেন সেটি জানানো হয়নি। নাটকে দেখা যায় বজরা বাজারের এই জাকির বিভিন্ন সময়ে কাবিলার গার্লফ্রেন্ড রোকেয়ার সঙ্গে সখ্যতা গড়ার চেষ্টা চালায়। আর এ নিয়েই নাটকে কাবিলা চরিত্রে অভিনয় করা পলাশ ভীষণ ক্ষিপ্ত থাকে। নাটকে দেখা যায় কাবিলার মা নোয়াখালীর চেয়ারম্যান। তাঁর নাম পলি।
উল্লেখ্য, ২০১৮ সালে ব্যাচেলর পয়েন্ট নাটকটির প্রথম পর্বের প্রচার শুরু হয়। নাটকটির বিভিন্ন সময় চরিত্র এবং গল্প পরিবর্তন হয়েছে। এখন নাটকটির তৃতীয় সিজন প্রচার হচ্ছে। এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজু্ক রাসেল, সুমন পাটোয়ারী, মিশু সাব্বির, চাষী ইসলাম প্রমুখ।






















