রুমমেট প্রীতি রানা ও তার মায়ের বিরুদ্ধে মারধর করে চেহারা ক্ষতবিক্ষত করার অভিযোগ এনেছেন ভারতের ছোটপর্দার জনপ্রিয় তারকা ও স্টার প্লাসের ‘নামকরণ’ ধারাবাহিকের অভিনেত্রী নলিনী নেগি। এ ঘটনায় তার বান্ধবী ও বান্ধবীর মায়ের বিরুদ্ধে মুম্বাইয়ের ওশিয়ারা থানায় অভিযোগ দায়ের করেছেন নলিনী।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ প্রতিবেদনে জানিয়েছে, অন্তর্জালে নলিনী নেগির বিধ্বস্ত চেহারার ছবি ছড়িয়ে পড়েছে। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ছবিতে নলিনীর ভয়ার্ত অবয়ব আর চোখ-মুখ লাল হয়ে আছে।
এ বিষয়ে অভিনেত্রী নলিনী অভিযোগ করেন, রুমমেট প্রীতি রানা ও তার মা স্নেহলতা তাকে বেধড়ক পিটিয়েছেন। মুখে অনবরত আঘাত করে চেহারা বিধ্বস্ত করে দিয়েছেন।
অপরদিকে, জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক বছর ধরে একসঙ্গেই থাকতেন নলিনী ও তার রুমমেট প্রীতি। সম্প্রতি নলিনী ওশিয়ারার একটি আলাদা ফ্ল্যাটে থাকতে শুরু করেন। তবে প্রীতি অন্য কোথাও থাকার জায়গা না পেয়ে নলিনীর কাছে যান এবং কিছুদিনের জন্য তাকে তার ফ্ল্যাটে থাকতে দেওয়ার অনুরোধ করেন।
নলিনীর ভাষায়, মাত্র কয়েক সপ্তাহের ব্যাপার ভেবে আমি আপত্তি করিনি। এ ছাড়া আমার ফ্ল্যাটে দু'টো শোবার ঘর থাকায় কোনো অসুবিধা ছিল না। আমার পরিবার তখন দিল্লিতে আমার বড় বোনের কাছে ছিল।
এছাড়াও অভিনেত্রী নলিনী আরও বলেছেন, সম্প্রতি আমার মা-বাবার এখানে আসার কথা বলে আমি প্রীতিকে ঘর খালি করে দিতে বলি। ও তাতে সম্মতিও জানায়। তবে এর কয়েক দিনের মধ্যেই প্রীতির মা আমার ফ্ল্যাটে এসে থাকতে শুরু করে। তখন ভেবেছি, প্রীতিকে নতুন ঘর খুঁজতে সাহায্য করতেই তিনি এসেছেন। গত সপ্তাহে আমি যখন আমার এক বন্ধুর সঙ্গে জিমে যাচ্ছিলাম, তখন উনি হঠাৎই আমার সঙ্গে ঝগড়া শুরু করেন। কী হয়েছে জানতে চাইলেও উনি শান্ত হচ্ছিলেন না, উল্টো প্রীতিকে ডেকে ওর সামনে আমাকে গালিগালাজ করতে থাকেন। প্রীতিকে জানান, আমি নাকি ওনাকে অসম্মানজনক কথা বলেছি। প্রীতিও এসে চেঁচামেচি করতে থাকে।
প্রীতিকে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছিলাম, তখনই ওর মা কাচ দিয়ে আমাকে আঘাত করে। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, তখন দুজনই আমার ওপর আছড়ে পড়ে এবং প্রচণ্ড মারধর করে। ওরা আমাকে প্রায় একপ্রকার মেরেই ফেলেছিল।
প্রীতি আরও বলেন, আমি তো ভাবতেই পারছি না কারো মা আমাকে এভাবে মারতে পারে! পরে বুঝলাম, আমি যেহেতু অভিনেত্রী, তাই ওরা আমার মুখটাই ক্ষতবিক্ষত করে দিতে চেয়েছিল।
নলিনী এখন নিরাপদে আছেন। মা-বাবাসহ নিজের শহরে ফিরেছেন। প্রীতি রানা ও তার মায়ের বিরুদ্ধে ওশিয়ারা থানায় মামলা করেছেন নলিনী।
জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’র দ্বিতীয় মৌসুমের প্রতিযোগী ছিলেন নলিনী নেগি। তারপর একে একে ‘ডোলি আরমানো কি’, ‘দিয়া অউর বাতি হাম’, ‘নামকরণ’সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন এ সুন্দরী।






















