বিনোদন ডেস্ক
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম প্রথমবারের মত কাজ করেছেন কলকাতার সিনেমায়। ‘ডিকশনারি’ নামের সেই সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। বিশিষ্ট নাট্যকার ও পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসুর পরিচালনায় প্রথমবার কলকাতার সিনেপর্দায় দেখা মিলবে বাংলাদেশের এই তারকাকে।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে মুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন সিনেমাটিতে অভিনয় করা নুসরাত জাহান। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ছবি হলে মুক্তি পেলেই ভালো লাগে। তার উপর ১০০ শতাংশ আসন যদি ভর্তি হয়ে যায়, তার চেয়ে ভালো আর কী হতে পারে।
এর আগে, ‘ডিকশনারি’ সিনেমার শুটিংয়ের জন্য গেল বছরের ৭ মার্চ কলকাতায় যান মোশাররফ করিম। শুটিং শেষ করে ১৬ মার্চ আবার ঢাকায় ফেরেন। এরপর গেল বছরের ডিসেম্বরের শুরুতে সিনেমাটির ডাবিংয়ে অংশ নিতে আবার কলকাতা যান এই অভিনেতা।
জানা গেছে, ‘ডিকশনারি’ সিনেমায় বাংলাদেশের মোশাররফ করিম ছাড়াও অভিনয় করছেন কলকাতার একঝাঁক তারকা। সেই তালিকায় আছেন আবির চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসু এবং চিত্রনায়িকা নুসরাত জাহান। সিনেমায় দুটি ছোটগল্পকে যুক্ত করা হবে।
গল্পে মোশাররফ করিমকে এক নব্য ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে, যার শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। তবে ছেলেকে সে ভালোভাবে পড়াশোনা শেখাচ্ছে। সিনেমায় মোশাররফ করিমের নায়িকা ব্রাত্যের স্ত্রী পৌলমী বসু।






















